সেমিকন্ডাক্টর খাতে চীনের সাথে বাণিজ্যে নিষেধাজ্ঞা বাড়াচ্ছে বাইডেন প্রশাসন
চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও চিপ তৈরিতে ব্যবহৃত যন্ত্রাংশ তথা সেমিকন্ডাক্টর রফতানিতে নিষেধাজ্ঞা বাড়ানোর পরিকল্পনা করেছে বাইডেন প্রশাসন। আগামী মাসেই এই পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে। খবর রয়টার্স।
খবরে বলা হয়, মার্কিণ বাণিজ্য দফতর নতুন নিষেধাজ্ঞার বিষয়ে নীতি প্রণয়নে কাজ করছে। চলতি বছরের শুরুতে তারা বড় তিন প্রতিষ্ঠানকে এ বিষয়ে চিঠি দেয়। এর ভিত্তিতেই নতুন নীতি তৈরি করছে। কোম্পানি তিনটি হলো কেএলএ কর্পোরেশন, লাম রিসার্চ কর্পোরেশন ও অ্যাপ্লায়েড ম্যাটারিয়ালস ইনকর্পোরেটেড।
ওই তিন প্রতিষ্ঠানকে দেয়া চিঠিতে বাণিজ্য বিভাগের লাইসেন্স না পেলে কোম্পনিগুলো যেন চীনে চিপ তৈরির সরঞ্জাম রফতানি না করে এমন নির্দেশনা দেয়া হয়। এবার পুরোপুরিভাবে সকল কোম্পানির জন্য সেটি আরোপিত হতে যাচ্ছে।
গত মাসে চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এনভিডিয়া করপোরেশন ও অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসের (এএমডি) উপর রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। নতুন এই নীতিতে সেই নিষেধাজ্ঞাকেও পুনর্গঠন করা হবে বলে জানা গেছে।
এ বিষয়ে এখনই মার্কিন বাণিজ্য দপ্তর কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে ধারণা করা হচ্ছে, নিজেদের প্রভাব রয়েছে এখন খাতগুলোতে চীনকে কাবু করতেই বাণিজ্য নিষেধাজ্ঞা দিচ্ছে বাইডেন প্রশাসন।
ডিবিটেক/বিএমটি